সারাদেশ

নয় দফা দাবিতে উপাচার্য বরাবর ইবি শিবিরের স্মারকলিপি প্রদান

নয় দফা দাবিতে উপাচার্য বরাবর ইবি শিবিরের স্মারকলিপি প্রদান
📷 ছবি: সংগৃহীত
নয় দফা দাবিতে উপাচার্য বরাবর ইবি শিবিরের স্মারকলিপি প্রদান


ওসমান গণি, ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে সিট বণ্টনে স্বচ্ছতা, নিয়মের যথাযথ প্রয়োগ, শিক্ষার্থীদের আবাসিক অধিকার ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা-সহ ৯ দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ স্মারকলিপি প্রদান করেন শাখার নেতৃবৃন্দ। এসময় শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে আবাসিক হল শিক্ষার্থীদের নিরাপদ আবাসন, পড়াশোনার উপযোগী পরিবেশ ও স্বাভাবিক শিক্ষাজীবন নিশ্চিত, অবকাঠামো উন্নয়ন, সিট বণ্টনের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান, নীতিমালা, মেধা, জ্যেষ্ঠতা, বৈধতা ও স্বচ্ছতার যথাযথ প্রতিফলনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এছাড়া রাজনৈতিক পরিচয়, দলীয় সুপারিশ কিংবা ব্যক্তিগত প্রভাবের ভিত্তিতে কোনো শিক্ষার্থীর আবাসিক অধিকার ক্ষুণ্ন না করার আহ্বান জানানো হয় এবং একজন বৈধ শিক্ষার্থী আবাসিক সিটের জন্য অপেক্ষমাণ থাকা অবস্থায় কোনো ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে হলে অবস্থান করলে তা শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও বৈষম্যের অনুভূতি সৃষ্টি করতে পারে দাবি করেন।

তাদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে— বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের দ্রুত শনাক্ত করে নিয়ম অনুযায়ী অপসারণ; রাজনৈতিক পরিচয়, দলীয় সুপারিশ কিংবা প্রশাসনিক বা ব্যক্তিগত প্রভাবের ভিত্তিতে হলের সিট বরাদ্দ বন্ধ করা; সিট বণ্টনের ক্ষেত্রে সুস্পষ্ট, স্থায়ী ও লিখিত নীতিমালা প্রণয়ন এবং মেধা, জ্যেষ্ঠতা ও অন্যান্য যৌক্তিক মানদণ্ড নির্ধারণ করা, প্রতিটি হলের সিট বণ্টনের তালিকা যথাযথভাবে প্রকাশ করে সিট বাণিজ্য, অনিয়ম কিংবা অনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ বন্ধ করা; প্রতি ছয় মাস পরপর হলগুলোর সিট বরাদ্দের প্রক্রিয়া নিশ্চিত করা; হলে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি রাজনৈতিক অপতৎপরতা বন্ধ ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা; ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করে আবাসিক হলের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা; সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনকে কার্যকর, নিরপেক্ষ ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ এবং হলের ডাইনিংয়ে মানসম্মত খাবার ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা।

ওসমান গণি
ইবি প্রতিনিধি
মোবাইল: ০১৯১৭৫৭১১৮৮
তারিখ: ১৯.০৯.২০২৬