সারাদেশ

রায়পুরে কোডেক-রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্ব

রায়পুরে কোডেক-রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্ব

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি,

কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে কোডেক-রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।

‘ছোট উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ’ প্রতিপাদ্যে গত ১৮ অক্টোবর, রবিবার উপজেলার মোল্লারহাট আল-কারিম মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কারিগরি সহায়তায় এবং কোডেকের বাস্তবায়নে পরিচালিত রেইজ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

কোডেক-রেইজ প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ শরীফের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন প্রকল্পের ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট অফিসার মো. সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ-রেইজ প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডা. ফায়জুল তারিক চৌধুরী এবং কোডেকের সহকারী পরিচালক (মাইক্রোফাইন্যান্স) ও রেইজ প্রকল্পের ফোকাল পারসন মোহাম্মদ শহিদুল ইসলাম খান।

সভায় কোডেক ও পিকেএসএফের উন্নয়নমূলক কার্যক্রম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল করে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় মাস্টার ক্রাফটস পারসন (গুরু/ওস্তাদ) ও সফল শিক্ষানবিশরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, মাস্টার ক্রাফটস পারসন, তরুণ-তরুণী, কোডেকের শাখা ব্যবস্থাপক ও প্রকল্পের টিম সদস্যসহ দেড় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

সভায় দক্ষ জনশক্তি গড়ে তোলা, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।