শিক্ষা

ইবিস্থ 'স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এনএস'-এর সভাপতি গালিব, সম্পাদক রেজাউল

ইবিস্থ 'স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এনএস'-এর সভাপতি গালিব, সম্পাদক রেজাউল
📷 ছবি: সংগৃহীত


ওসমান গণি, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ঝালকাঠি এন এস কামিল মাদরাসা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট 'অ্যাসোসিয়েশন অব এনএস'-এর ২০২৬–২৭ অর্থবছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিব এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২১-২২ বর্ষের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের রেজাউল ইসলাম রাকিব মনোনীত হয়েছেন।

সংগঠনটির উপদেষ্টা দাওয়াহ অ্যান্ড ইসলামিক
স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ অলী উল্ল্যাহ ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামছুল হক সিদ্দিকী, প্রধান নির্বাচন কমিশনার সাজ্জাতুল্লাহ শেখ এবং সদ্য বিদায়ী সভাপতি এস এম শামীমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নেতৃত্বের হাত ধরে ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এনএস আরও সুসংগঠিত, কল্যাণমুখী ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে এগিয়ে যাবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার ঐতিহ্য, সুনাম ও গৌরবকে আরও সমুজ্জ্বল করবে বলে শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা।

নবমনোনীত সভাপতি আসাদুল্লাহ গালিব বলেন, "শিক্ষার্থীদের কল্যাণে হজরত কায়েদ সাহেব হুজুরের অমিয় বাণীকে সামনে রেখেই আমরা এগিয়ে যেতে চাই। পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্বকে শক্তিশালী করার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আমাদের দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার সুনাম ও সুখ্যাতি আরও বিস্তৃত করাই আমাদের লক্ষ্য।"

নবমনোনীত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাকিব বলেন, "আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় সংগঠনের সিনিয়র ও সাবেক নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিভাজন নয়, বাড়াবাড়ি নয়, মধ্যমপন্থা ও পারস্পরিক শ্রদ্ধার নীতি অবলম্বন করে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীলভাবে এগিয়ে নিতে চাই। শিক্ষার্থীদের কল্যাণ ও পারস্পরিক ভ্রাতৃত্বই হবে আমাদের কার্যক্রমের মূল ভিত্তি।"

উল্লেখ্য, সংগঠনটি ২০১৬–১৭ শিক্ষাবর্ষ থেকে আতিকুর ও সাইফুদ্দিনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ঝালকাঠি এন এস কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা হজরত আজিজুর রহমান কায়েদ সাহেবের অমিয় বাণী "আল-ইত্তিহাদ মা'আল ইখতিলাফ", অর্থাৎ মতপার্থক্য থাকা সত্ত্বেও ঐক্যের নীতিকে ধারণ করে সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।