আজ বুধবার সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় সাম্প্রতিক সময়ে লোডশেডিং বেড়েছে।
বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। অন্য একটি টার্মিনালও দুর্ঘটনার কারণে পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। ফলে দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং এর প্রভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে লোডশেডিং বেড়েছে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের ওপর কারও নিয়ন্ত্রণ নেই। তবে বিকল্প উপায়ে পরিস্থিতি সামাল দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আজ সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। একই সঙ্গে লোডশেডিংও কমে আসবে। তবে পুরোপুরি জ্বালানি সংকট কবে নাগাদ সমাধান হবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট দিনক্ষণ বলা সম্ভব নয়।
এ সময় তিনি জানান, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া চলছে। সরকার দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে বলেও জানান তিনি।
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে
📷 ছবি: সংগৃহীত