খুলনা আদালত চত্বরে ডাবল মার্ডার: সম্পৃক্ততার অভিযোগে শাহাবুদ্দিন গ্রেপ্তার
**মো: আল-মাহফুজ শাওন **
খুলনা আদালত চত্বরে সংঘটিত আলোচিত ডাবল মার্ডার মামলায় সম্পৃক্ততার অভিযোগে মো. শাহাবুদ্দিন খান ওরফে শুভ (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা থানা পুলিশ।
গ্রেপ্তার শাহাবুদ্দিন খান ওরফে শুভ খুলনার রূপসা উপজেলার রাজাপুর, ক্লাব রোড এলাকার মৃত ফরিদ খানের ছেলে। তার মায়ের নাম আনোয়ারা বেগম। তিনি বর্তমানে খুলনা মহানগরীর পশ্চিম বানিয়াখামার, আন্দিরপুকুর এলাকার আব্দুস সোবাহান তালুকদারের বাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা আদালত চত্বরে সংঘটিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে শাহাবুদ্দিনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় কেএমপির খুলনা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। ডাবল মার্ডারের ঘটনায় তার ভূমিকা, হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে কোনো তথ্য রয়েছে কি না এবং ঘটনার নেপথ্যের কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
কেএমপি জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা আদালত চত্বরে ডাবল মার্ডার: সম্পৃক্ততার অভিযোগে শাহাবুদ্দিন গ্রেপ্তার
📷 ছবি: সংগৃহীত