সারাদেশ

হরিণাকুণ্ডুতে সেভ-ঝিনাইদহ এর উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে গাভী বিতরণ

হরিণাকুণ্ডুতে সেভ-ঝিনাইদহ এর উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে গাভী বিতরণ


​ ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও স্থানীয় উন্নয়ন সংস্থা 'সেভ-ঝিনাইদহ'-এর বাস্তবায়নে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ‘গাভী পালন কর্মসূচি-২০২৬’-এর আওতায় অনুদান ও গাভী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ্ব এডভোকেট মো. আব্দুল মজিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "গ্রামীণ এলাকার পিছিয়ে পড়া অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গাভী পালন কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। সততা ও নিষ্ঠার সাথে গাভী লালন-পালন করে পরিবারগুলোকে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতে হবে।"
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব প্রদীপ্ত রায় দীপ। তিনি সেভ-ঝিনাইদহ ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন এবং বাস্তবায়িত কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন মুশা সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ।
​উক্ত আলোচনা সভা ও গাভী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেভ-ঝিনাইদহ-এর নির্বাহী পরিচালক জনাব মো. আনোয়ারুল ইসলাম বাদশা। তিনি তাঁর সমাপনী বক্তব্যে এনজিও ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত সংস্থার সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন এবং উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় সুধীজনকে ধন্যবাদ জানান।
​অনুষ্ঠান শেষে বাছাইকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত উপকারভোগী পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে গাভী হস্তান্তর করা হয়।