অসহায় মানুষকে জিম্মি করে কোটি টাকার প্রতারণা: গাইবান্ধায় ভুয়া তান্ত্রিক সিন্ডিকেট গুঁড়িয়ে দিতে প্রশাসনের সাঁড়াশি অভিযানের দাবি
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা শহর থেকে শুরু করে প্রতিটি উপজেলার প্রত্যন্ত গ্রাম-গঞ্জে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে তথাকথিত তান্ত্রিক ও ভণ্ড কবিরাজদের প্রতারণার আখড়া। রোগ-বালাই নিরাময়, পারিবারিক অশান্তি দূর, প্রেম-ভালোবাসায় অন্ধ মিলন কিংবা অলৌকিক বশীকরণের লোভনীয় ফাঁদ পেতে সাধারণ ও অসহায় মানুষের পকেট কেটে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। মানুষের চরম অসহায়ত্ব ও অন্ধ বিশ্বাসকে পুঁজি করে চলা এই রমরমা জালিয়াতি বন্ধে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের জরুরি ও আপসহীন সাঁড়াশি অভিযানের জোর দাবি উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, গাইবান্ধা জেলার প্রতিটি উপজেলায় আস্তানা গাড়া কথিত তান্ত্রিকরা চিকিৎসার নামে তাবিজ-কবজ, ঝাড়ফুঁক আর অবৈজ্ঞানিক নানা আচারের জাল বিস্তার করে রেখেছে। মূলত জটিল কোনো রোগে আক্রান্ত বা পারিবারিকভাবে চরম সংকটে থাকা দিশেহারা মানুষগুলোকেই এরা প্রধান শিকার বানায়। অলৌকিক সমাধানের মিথ্যা প্রলোভন দিয়ে প্রথম দফায় আস্থা অর্জন করে, এরপর তৈরি করে জিম্মিদশা। দাবি করা হয় একের পর এক মোটা অঙ্কের টাকা। টাকা দিতে অস্বীকৃতি জানালে বা প্রতারণা ধরে ফেললে ভুক্তভোগীদের ওপর নেমে আসে মানসিক নির্যাতন ও জিন-ভূতের ভীতি প্রদর্শন। এই ভয় ও সামাজিক মর্যাদাহানির আশঙ্কায় মুখ খুলতে পারেন না বহু পরিবার।
শুধু অর্থ লুটে নিয়েই ক্ষান্ত হচ্ছে না এই অপচক্র; তান্ত্রিকদের অবৈজ্ঞানিক ও ধোঁকাবাজিমূলক অপচিকিৎসার কারণে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ছে রোগী, নিঃস্ব হচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এই কালো বাণিজ্য চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারির অভাবে এদের দৌরাত্ম্য এখন চরম সীমায় পৌঁছেছে।
জেলাবাসীর দাবি, মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে যারা সর্বস্বান্ত করার এই মহোৎসব চালাচ্ছে, তাদের আইনের কঠোরতম প্রয়োগে প্রতিহত করতে হবে। কোনো ধরনের শৈথিল্য না দেখিয়ে অনতিবিলম্বে গাইবান্ধা জেলা প্রশাসনকে গোপন সংবাদের ভিত্তিতে মাঠে নামতে হবে। কোথায় কোথায় এসব কথিত তান্ত্রিকদের গোপন ডেরা গড়ে উঠেছে, কারা এর নেপথ্য গডফাদার এবং কোন সংঘবদ্ধ চক্র এই প্রতারণার জাল নিয়ন্ত্রণ করছে—তা দ্রুত তদন্ত করে মূল হোতাদের গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে এসব ভণ্ড তান্ত্রিকের আস্তানা অবিলম্বে উচ্ছেদ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে গাইবান্ধার সচেতন মহল।
গাইবান্ধা জেলা প্রতিনিধি
অসহায় মানুষকে জিম্মি করে কোটি টাকার প্রতারণা: গাইবান্ধায় ভুয়া তান্ত্রিক সিন্ডিকেট গুঁড়িয়ে দিতে প্রশাসনের সাঁড়াশি অভিযানের দাবি
📷 ছবি: সংগৃহীত