ফুলছড়িতে যমুনায় মা ইলিশ রক্ষায় অভিযান, দুই জেলের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, সাঘাটা-ফুলছড়ি (গাইবান্ধা):
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনা নদীতে মা ইলিশ সুরক্ষায় অভিযান পরিচালনা করেছে জেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে মা ইলিশ ও জাল জব্দ করা হয়েছে এবং দুই জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জেলা মৎস্য অধিদপ্তরের মোঃ আব্দুর রাশেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাব্বির আহমেদ।
অভিযানকালে মা ইলিশসহ মাছ ধরার জাল জব্দ করা হয়। এ সময় আইন অমান্য করে মাছ শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন সদর উপজেলার মোঃ হাসেম আলী (৩৫) ও ফুলছড়ি উপজেলার মোঃ আব্দুস সুবাহান (৪৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহমেদের নির্দেশে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত প্রত্যেক জেলেকে ১০০ টাকা করে জরিমানা এবং ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় যমুনা নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।