অর্থনীতি

কাস্টমসের সহকারী কমিশনার আইয়ুব সাময়িক বরখাস্ত

কাস্টমসের সহকারী কমিশনার আইয়ুব সাময়িক বরখাস্ত
📷 ছবি: সংগৃহীত
একাধিক পাসপোর্ট ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগে কাস্টমসের সহকারী কমিশনার মো. আইয়ুবকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। এর আগে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ওঠায় গাজীপুর ভ্যাট কমিশনারেট থেকে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে আইআরডিতে সংযুক্ত করা হয়েছিল। সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আইয়ুব সরকারি কর্মচারী থাকা অবস্থায় একাধিক পাসপোর্ট ব্যবহার করে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ভারত, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া সফর করেছেন।

এ ছাড়া তার বিরুদ্ধে অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ ওঠায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সময়ে মো. আইয়ুব তিনটি পাসপোর্ট ব্যবহার করে ছয়টি দেশে মোট ২৫ বার ভ্রমণ করেছেন। ব্যবহৃত পাসপোর্টগুলোর নম্বর বিপি০৩৭৯৫, এ০৩৩২৭১ ও এ০৯১৮৩৪। এর মধ্যে একটি পাসপোর্টে পেশা হিসেবে ‘প্রাইভেট সার্ভিস’ উল্লেখ করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের জন্য পৃথক পাসপোর্টের ব্যবস্থা থাকলেও তিনি সেটি ব্যবহার করেননি।

তথ্য অনুযায়ী, এসব পাসপোর্টের মাধ্যমে তিনি ভারতে ১২ বার, থাইল্যান্ডে ৭ বার, সংযুক্ত আরব আমিরাতে ২ বার, চীনে ২ বার এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুরে একবার করে ভ্রমণ করেছেন।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর গত ২৭ আগস্ট মো. আইয়ুবকে আইআরডিতে ওএসডি করা হয়েছিল। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত আসে।