মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়নসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৯ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে লিখিতভাবে এসব দাবি তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।
হেফাজতের মহাসচিব মুহাম্মাদ সাজেদুর রহমান স্বাক্ষরিত লিখিত দাবিতে মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের অবমাননা প্রতিরোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাসের দাবি জানানো হয়। একই সঙ্গে কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন না করার আহ্বান জানানো হয়েছে।
দাবিগুলোর মধ্যে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত সহিংসতায় জড়িতদের বিচার নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি, হুকুমদাতা ও হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের মাধ্যমে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানায় সংগঠনটি।
এ ছাড়া কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমানের স্বীকৃতি কার্যকর করে শিক্ষার্থীদের দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের দাবি জানানো হয়েছে। বিশেষ করে ধর্মীয় শিক্ষকসহ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারি মাদ্রাসার ডিগ্রির পাশাপাশি কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের ডিগ্রিকেও শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
শিক্ষার প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবিও জানিয়েছে হেফাজতে ইসলাম।
মতবিনিময় সভায় হেফাজতের পক্ষ থেকে অন্যান্য দাবিগুলোও তুলে ধরে এসব বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
হেফাজতের ৯ দফা দাবি, প্রধানমন্ত্রীর কাছে লিখিত প্রস্তাব
📷 ছবি: সংগৃহীত