নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই দুপ্তারা খানপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহত ওজাইফার বাবার নাম আলআমিন, আফসার বাবা মুন্না, রিয়া মনির বাবা জাহাঙ্গীর এবং রুবাইয়ার বাবা রাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্বজনদের।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে চার শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন। সন্ধ্যায় তাদের মধ্যে দুইজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুইজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল জানান, দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছিল। হাসপাতালে নেওয়ার আগেই চার শিশুর মৃত্যু হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
📷 ছবি: সংগৃহীত