সুন্দরগঞ্জে চড়া দামে বিক্রির জন্য মজুত ২০৯ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
📷 ছবি: সংগৃহীত
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকদের কাছে চড়া দামে বিক্রির উদ্দেশে অবৈধভাবে মজুত করা ২০৯ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা সারের আনুমানিক সরকারি মূল্য ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা। এ সময় কৃত্রিম সংকট তৈরি ও নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার রাতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জ বাজারের ‘মেসার্স আজাহার আলী’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ১০২ বস্তা ইউরিয়া এবং ১০৭ বস্তা এমওপি (মিউরেট অব পটাশ) সার জব্দ করা হয়। এর মধ্যে ১০২ বস্তা ইউরিয়ার সরকারি মূল্য ১ লাখ ৩৭ হাজার ৭০০ টাকা এবং ১০৭ বস্তা এমওপির মূল্য ১ লাখ ৭ হাজার টাকা।
অভিযান শেষে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী জানান, জব্দ করা সার বর্তমানে কৃষি বিভাগের জিম্মায় রয়েছে। কৃষকদের সুবিধার্থে পরবর্তীতে এসব সার সরকার নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে বিক্রি করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, "সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি ও চড়া দামে বিক্রির অভিযোগ পেয়েই এ অভিযান চালানো হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০৯ বস্তা সার জব্দসহ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।"