বাংলাদেশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ লিটার চোলাইমদ ও গ্রেপ্তার-১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ লিটার চোলাইমদ ও গ্রেপ্তার-১
📷 ছবি: সংগৃহীত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ লক্ষ্মী কান্ত বাউরী (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২রা সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলাধীন কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজার-মূর্তিঙ্গা চা বাগান সড়কের মাইজদি চা-বাগানের ৭ নম্বর লাইনের রাস্তার মাথায় পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার সূত্রের বরাতে জানা যায়, অভিযানে দুইটি সিনথেটিক ব্যাগের ভেতর রাখা দুইটি প্লাস্টিকের জার থেকে দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়। প্রতিটি জারে ১০ লিটার করে মোট ২০ লিটার চোলাইমদ ছিল। গ্রেপ্তারকৃত লক্ষ্মী কান্ত বাউরী শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদি চা-বাগানের ৪ নম্বর লাইনের বাসিন্দা। তিনি মৃত কার্তিক বাউরীর ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান এমন অভিযান চলমান থাকবে।