সাতক্ষীরার শ্যামনগরে কৃষকের মুরগির ঘর থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে এক কৃষকের মুরগির ঘর থেকে ১৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বুড়িগোয়ালিনী এলাকায় আতিয়ার রহমানের ছেলে কৃষক মুক্তার গাজীর মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাবারের সন্ধানে লোকালয়ে আসা অজগরটি মুক্তার গাজীর মুরগির ঘরে ঢুকে পড়ে। এ সময় সাপটি ঘরে থাকা ছয়টি হাঁস-মুরগি খেয়ে ফেলে। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে সিপিজি সদস্যদের খবর দেওয়া হয়।
সিপিজির সদস্য আবুল হোসেন বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে এসে অজগর সাপটি উদ্ধার করেন।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, অজগরটি সুন্দরবন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে এসে থাকতে পারে। উদ্ধার করা অজগরটি সুন্দরবনের গভীরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
বন বিভাগের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে সুন্দরবনসংলগ্ন এলাকায় বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে তা না মেরে বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগরে কৃষকের মুরগির ঘর থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার
📷 ছবি: সংগৃহীত