নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় আটক ১৪৫, পরিবারের জিম্মায় ১৪৪ জন
মোহাম্মদ উল্যা, বিশেষ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ১৪৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজনকে সামারি ট্রায়ালের আওতায় আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য ১৪৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) নোয়াখালী জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশ জানায়, রোববার (১১ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ কার্যক্রম চালানো হচ্ছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাতিয়া থানায় সর্বোচ্চ ৫১ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে সামারি ট্রায়ালের আওতায় আদালতে সোপর্দ করা হয় এবং বাকি ৫০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
এ ছাড়া বেগমগঞ্জ মডেল থানায় ৩৬ জন, সুধারাম মডেল থানায় ১৫ জন, কবিরহাট থানায় ১২ জন, কোম্পানীগঞ্জ থানায় ১১ জন, চরজব্বর থানায় ৮ জন, সেনবাগ থানায় ৪ জন, সোনাইমুড়ী থানায় ৪ জন এবং চাটখিল থানায় ৪ জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
জেলা পুলিশের দাবি, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে কিশোরদের সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
পুলিশের মতে, কিশোর অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ। কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পারিবারিক নজরদারি, নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।